
টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে নারীর শ্লীলতাহানি, হামলা ও লুটপাটের অভিযোগ।
শরিফুল ইসলাম; কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি-ভিটার জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিতু আক্তার (৩৮) কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) উপজেলার পৌলি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, কালিহাতী উপজেলার পৌলি দক্ষিণপাড়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী মিতু আক্তারের ফুফাতো ভাই ও চাচাতো ফুফুর সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মিতু আক্তারের ফুফাতো ভাই সজীব ও তার মা শাহিনা সুলতানা, চাচাতো ফুফু মিনু আক্তার গত সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় বিবাদীরা তাদের পুরাতন বাড়িতে গিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে বিবাদীরা মিতু আক্তারের ফুফাতো ভাইয়ের স্ত্রী শাহানাজের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হাতুড়ি, কিল-ঘুষি ও লাথির আঘাতে শাহানাজ গুরুতর আহত হন। এ সময় ঘরে থাকা একটি র্যাক, একটি ফ্রিজ, একটি ওয়ার্ডড্রোব, দুটি কাঠের দরজাসহ প্রায় ৯০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে। পরে ওয়ার্ডড্রোবের ড্রয়ার থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। বাধা দিতে গেলে মিতু আক্তার ও তার পিতা মোকাদ্দেছ আলীর ওপরও হামলা করা হয়। তাদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং খাটের স্ট্যান্ড দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। অভিযোগে আরও বলা হয়, বিবাদী সজীব মিতু আক্তারের পরিধেয় বস্ত্র টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করে।
ভুক্তভোগীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা খুন-জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে আহত মোকাদ্দেছ আলীকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে সুযোগ পেলে ভুক্তভোগীসহ পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করে ফেলবে। এ কারণে তারা ভয়ে আতঙ্কগ্রস্ত জীবনযাপন করছেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()
Leave a Reply